নোয়াখালীতে কীর্তন অনুষ্ঠানে হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়েছেন একদল যুবক। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দা সমীর চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে ২৫-৩০ জন যুবক এসে প্রথমে বাড়ির সামনের তোরণ ভেঙে ফেলেন। এরপর তাঁরা বাড়ির ভেতরে তৈরি করা প্যান্ডেলের কাপড়চোপড় ছিঁড়ে ফেলেন এবং স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র শীল ও কীর্তনীয়া দুলাল বৈষ্ণবকে মারধর করেন।
সমীর চন্দ্র শীল বলেন, হামলাকারীরা কীর্তনে আসা নারীদের ধাক্কা দিয়ে প্যান্ডেল থেকে বের করে দেন। এ সময় কীর্তন অনুষ্ঠানে আসা লোকজন ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় কীর্তন অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
ওসি সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, বিকেলে বাদশা নামের এক যুবকসহ কয়েকজন এসে অনুষ্ঠানের তোরণ ঠেলে ফেলে দেন এবং প্যান্ডেলের ক্ষতিসাধন করেন। এতে কীর্তন অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় বাদশাকে আটক করা হয়েছে।