নোয়াখালীতে খাদ্য কর্মকর্তা লাঞ্ছিত
নোয়াখালীর সেনবাগ উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা ও উপসহকারী খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেনকে (৩২) লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সেনবাগ দক্ষিণ বাজারে সরকারি খাদ্যগুদামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সেনবাগে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্বে আছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোরশেদ আলম। অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন পৌর মেয়র আবু জাফর টিপু। গতকালের হামলাকারীরা সাংসদের অনুসারী হিসেবে পরিচিত।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রির জন্য ১৮ জন ডিলার নিয়োগ নিয়ে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কমিটির মাধ্যমে ডিলার হতে আগ্রহী ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই করে একটি সুপারিশ করে, যার ভিত্তিতে গতকাল ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কমিটির সুপারিশ না পাওয়া আবেদনকারীদের পক্ষ হয়ে সাংসদের অনুসারী কয়েক ব্যক্তি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খাদ্যগুদামে গিয়ে পরিদর্শক দেলোয়ারকে মারধর করেন। এ সময় সেখানে থাকা উপজেলা খাদ্য কর্মকর্তা এগিয়ে এলে তাঁকেও কিল-ঘুষি মারা হয়। আহত দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
এ সম্পর্কে বক্তব্য জানতে সাংসদ মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত সহকারী আবু ছায়েদ ফোন ধরে বলেন, ‘স্যার মিটিংয়ে আছেন।’
উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা প্রথম আলোকে বলেন, হতদরিদ্র লোকজনের মাঝে চাল বিক্রির ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় একটি পক্ষ ওই হামলা চালিয়েছে। অথচ ডিলার নিয়োগের কর্তৃত্ব ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের। খাদ্য বিভাগ দায়িত্বপ্রাপ্ত না হলেও তারা হামলার শিকার হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, খাদ্য পরিদর্শককে মারধরের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে গুদামে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু পুলিশ গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের বিরোধের জের ধরে ডিলার নিয়োগ নিয়ে ওই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে শোনা গেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।