নোয়াখালীতে খামারে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে বিষ প্রয়োগ করে একটি খামারের কমপক্ষে ১৫ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত মাছের খামার মালিক নুরুল আমিনের অভিযোগ, ইউপি নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। ১০ বছর ধরে বাড়ির পাশের মাছের খামারে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মাছের চাষ করছেন তিনি।

জানতে চাইলে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন গতকাল বিকেলে বলেন, খামারে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।