নোয়াখালীতে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কলেজছাত্রী (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। তাঁরা হলেন সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট রাজাপুর গ্রামের মো. ইউছুফ ও চর কাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সেলিম।
এ ঘটনায় গতকাল বিকেলে ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, গত রোববার ওই ছাত্রী ফেনীতে তাঁর খালার বাসায় যান। গতকাল ভোরে সাহ্রি শেষে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর সাড়ে চারটার দিকে তিনি কোম্পানীগঞ্জের বসুরহাট জিরো পয়েন্টে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর রিকশাচালক মো. ইউছুফ দিক পরিবর্তন করে রিকশা নিয়ে উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়েন। এরপর ইউছুফ ও মো. সেলিম নামের দুই যুবক তাঁকে চর কাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ইউছুফ ও সেলিমকে আটক করে পুলিশে দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, কলেজছাত্রী খালার বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।