নোয়াখালীতে গলাটিপে হত্যার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের দক্ষিণ চর মোখলেছে গতকাল শনিবার এক ব্যক্তিকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুরে চর মোখলেছ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে এলাকার তরমুজখেতগুলোতে পানি জমে যায়। বেলা দুইটার দিকে ওই গ্রামের সাইফুল ইসলাম তাঁর তরমুজখেতের পানি পাশের আবদুল মালেকের (৫৫) তরমুজখেতের ওপর দিয়ে ছেড়ে দেন। মালেক এ ঘটনার প্রতিবাদ জানালে দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাইফুল মালেকের গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলে মালেক মারা যান।
পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল বিকেলে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ও এক ব্যক্তিকে আটক করে।
চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, তরমুজখেতের পানি সরানো নিয়ে ঝগড়ার একপর্যায়ে সাইফুল প্রতিবেশী মালেকের গলা টিপে ধরলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর থেকে সাইফুল পলাতক। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।