নোয়াখালীতে গৃহবধূকে মারধর, বাবার বাড়িতে হামলা ভাঙচুর
যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধরের পর তাঁর বাপের বাড়িতে গিয়েও হামলা-ভাঙচুর চালিয়েছেন দেবর ও তাঁর সন্ত্রাসী বাহিনী। এতে গৃহবধূ ছাড়াও তাঁর মা-বাবাসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন। গত সোমবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন গৃহবধূ রুবিনা আক্তার (২৫), তাঁর ভাবি শেফালি বেগম (৩৫), ভাতিজি শিউলি আক্তার (২০), একই বাড়ির বাসিন্দা আমির হোসেন (৫০) ও তাঁর স্ত্রী অজিফা খাতুন (৪৫)। আহত ব্যক্তিদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাতে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।
রুবিনা আক্তারের ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মজুমদার বাড়ির বাদশা মিয়ার ছেলে মো. রশিদ আহম্মদ ওরফে স্বপনের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী বর্তমানে ওমানপ্রবাসী। স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ি রশিদা আক্তার ও দেবর আনোয়ার হোসেন ওরফে রিপন প্রায়ই তাঁকে বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দেন। তিনি রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাঁকে মারধর করা হতো।
রুবিনা অভিযোগ করেন, ধারাবাহিক নির্যাতনের অংশ হিসেবে সোমবার দুপুর ১২টার দিকে দেবর রিপন তাঁকে মারধর করেন। এরপর তিনি হাটগাঁও গ্রামে বাপের বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাঁর বড় ভাই স্বামীর বাড়িতে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার সন্ত্রাসী নিয়ে তাঁর বাপের বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে তাঁর ভাইকে অপহরণের চেষ্টা করেন। এ সময় এলাকার লোকজন আনোয়ারকে আটকে রাখেন। পরে দুই গ্রামের লোকজনের মধ্যস্থতায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রুবিনা জানান, এ ঘটনার পর সোমবার রাত নয়টার দিকে আনোয়ার ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। সন্ত্রাসীরা তাঁদের বসতঘর ছাড়াও বাড়ির আরও দুই-তিনটি বসতঘর ভাঙচুর করে। হামলায় এ সময় তাঁর ভাবি ও ভাতিজি ছাড়াও বাড়ির আরও দুই বাসিন্দা আহত হন।
গৃহবধূ ও তাঁর বাপের বাড়িতে দেবরের নেতৃত্বে হামলার ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল ঘুরে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।