নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া থেকে মেরিনা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লাকিয়া গ্রামের তালুক মিয়ার বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, নির্যাতন করে মেরিনাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মেরিনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে রয়েছেন।
পুলিশ জানায়, নিহত মেরিনা হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলম মাঝির বাড়ির রুহুল আমিনের মেয়ে। গতকাল সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।
নিহত মেরিনার বাবা রুহুল আমিন বলেন, তিন বছর আগে শুল্লাকিয়া গ্রামের তালুক মিয়ার ছেলে নুরুন নবীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁর দাবি, বিয়ের সময়ও বরপক্ষকে যৌতুক হিসেবে বিভিন্ন জিনিস দেওয়া হয়। কিন্তু এর পরও সংসারে অশান্তি লেগে ছিল। চার মাস আগেও নুরুন নবীকে যৌতুক দেওয়া হয় আরও ২০ হাজার টাকা।
রুহুল আমিন অভিযোগ করেন, দাম্পত্য কলহের জের ধরে দেড় মাস আগে তাঁর মেয়ের গর্ভের সন্তান নষ্ট করে ফেলে স্বামী। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তাঁর মেয়েকে মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুরো বিষয়টি জানা যাবে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তকালে প্রাথমিকভাবে তাঁদের কাছেও আত্মহত্যা বলে মনে হয়েছে। তার পরও রাসায়নিক পরীক্ষার জন্য ভিসেরা সংরক্ষণে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।