নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের দূর্গাপুর গ্রাম থেকে ফারহানা আক্তার ওরফে টুম্পা (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তবে পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনার পর ফারজানার স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।

নিহত ফারজানার চাচা পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের বাসিন্দা মো. হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে দূর্গাপুর গ্রামের শরিয়ত উল্লার ছেলে মো. আজাদের সঙ্গে তাঁর ভাতিজি ফারজানার বিয়ে হয়। আজাদ পেশায় তরকারি বিক্রেতা। বিয়ের সময় আজাদকে যৌতুক হিসেবে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়। এরপরও আরও যৌতুকের জন্য প্রায়ই ফারজানাকে স্বামী মারধর করতেন। গত ঈদের কয়েক দিন আগেও আজাদ ফারজানাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

মো. হোসেন আরও বলেন, গত শনিবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশী এক নারী ফোন করে ফারজানার মৃত্যুর বিষয়টি তাঁদের জানান। এরপর তাঁরা ওই বাড়িতে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ফারজানার লাশ পড়ে আছে। বাড়িতে স্বামী, শ্বশুর-শাশুড়ি কেউ নেই। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন। মো. হোসেন অভিযোগ করেন, তাঁর ভাতিজিকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন।

লাশের সুরতহাল করেছেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক মধুসূদন সরকার। তিনি বলেন, লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ফারজানার পরিবার যৌতুকের জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আবার শ্বশুর পক্ষ বলছেন, অসুস্থ হয়ে মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।