নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অটোরিকশার চালক মো. দেলোয়ার হোসেন (৩৫) ও তাঁর সহযোগী আবদুস সাত্তার (৩০)। দেলোয়ারকে বেগমগঞ্জের রাজগঞ্জ থেকে ও সাত্তারকে সদর উপজেলার দাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে শহরের একটি গ্যারেজ থেকে তাঁদের ব্যবহৃত অটোরিকশা আটক করা হয়।
গত বৃহস্পতিবার সকালে নোয়াখালী শহরের জামে মসজিদ মোড় থেকে সিএনজি অটোরিকশায় চড়ে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় ওই শিক্ষিকা সুধারাম থানায় মামলা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, দেলোয়ার ও আবদুস সাত্তারকে শিক্ষিকার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় দুজন গ্রেপ্তার হওয়ায় বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি কাল রোববারের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।