নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকানে হামলা, গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে চাঁদা না পেয়ে একটি মুরগির দোকানে হামলা-ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন দুজন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দোকানটি ছয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব উদ্দিনের। গুলিতে আহত দুজনের একজন তাঁর ছেলে, অন্যজন ভাগনে। তাঁরা হলেন সাইফুল ইসলাম (১৬) ও আবদুর রহিম (১৮)।
পরিবার জানায়, সাইফুলের ডান পা ও রহিমের বাঁ পায়ে গুলি লেগেছে। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য সাহাব উদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মাসখানেক ধরে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। দোকানে থাকা তাঁর ছেলে সাইফুল ইসলাম ও ভাগনে আবদুর রহিম এ ঘটনার প্রতিবাদ করলে তাঁদের গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাতেই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।