নোয়াখালীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার পায়ে গুলি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাবেক এক আওয়ামী লীগ নেতার পায়ে গুলি করার অভিযোগ ওঠেছে। ওই নেতার নাম বাহার উদ্দিন (৪৫)। তিনি বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে স্থানীয় শ্রীনন্দি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। 

আহত বাহারকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. টিপু ও রুবেল হোসেন নামে আরও দুইজন। তাদের কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ বাহার উদ্দিন বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আমিন ওরফে জনি ও ছাত্রলীগ কর্মী শাকিবের লোকজনের মধ্যে সকালে শ্রীনন্দি চৌরাস্তা এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় শাকিব গ্রুপের কয়েকজন যুবক তাঁর বসত বাড়ির ওপর দিয়ে দৌড় দেয়।

বাহারের অভিযোগ, ছাত্রলীগ নেতা তারেক লোকজন নিয়ে তাঁর বাড়ির দিকে আসে। তিনি তাদের বাড়িতে প্রবেশ করতে বাধা দিলে তারেক তাঁর বাম পায়ে গুলি করে। এ সময় তাঁকে রক্ষা করতে স্ত্রী ও ছেলে এগিয়ে এলেও তাদেরও গুলির চেষ্টা চালানো হয়।

বাহারকে লক্ষ্য করে গুলির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা তারেক আমিন। তিনি দাবি করেন, প্রতিপক্ষের শাকিব তাঁকে লক্ষ্য করে গুলি করলে ওই গুলি বাহারের পায়ে গিয়ে আঘাত করে। তিনি কোনো গোলাগুলি করেননি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান গুলির ঘটনা নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের কথাকাটাটির জের ধরে ওই গুলির ঘটনা ঘটে। এতে বাহারের পায়ে গুলি লাগে। আহত হয় আরও দুইজন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।