নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে আজ বুধবার দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে সাংবাদিকসহ ১৬ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

গত ২১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সেনবাগ উপজেলা শাখার দুই সদস্যের কমিটি ঘোষণা করেন। এর পর থেকে বিবাদমান দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে ধারাবাহিক বিক্ষোভ, পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও অবরোধের ঘটনা ঘটছে। নতুন কমিটি এলাকার সাংসদ মোরশেদ আলমের অনুসারী এবং পুরোনো কমিটির নেতা-কর্মীরা সেনবাগ পৌর মেয়র আবু জাফরের অনুসারী।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে সাংসদের অনুসারী ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীরা হাইস্কুল গেট এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ বাজার এলাকায় গেলে পৌর মেয়রের অনুসারী ছাত্রলীগের পুরোনো কমিটির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় সাংসদের অনুসারীরাও পুরোনো কমিটির নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেন। একপর্যায়ে নতুন কমিটির নেতারা পুরোনো কমিটির অনুসারীদের বাবুপুর ও সাহাপুরের দিকে নিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সব ঘটনায় সেনবাগ বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। উভয় পক্ষ বাজারের দুই দিকে অবস্থান নেন। এ সময় বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শিকদার হাসান ইমামের নেতৃত্বে পুলিশ উভয় পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তরের প্রতিনিধি মিজানুর রহমান, এশিয়ান টেলিভিশনের তাজুল ইসলাম ও তাঁদের সঙ্গে থাকা দুই চিত্রগ্রাহক হামলায় আহত হয়েছেন। তাঁদের বেগমগঞ্জের চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাতটা নাগাদ সেনবাগ বাজার পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী সজল, মিজান ও রিয়াদসহ উভয় পক্ষের কমপক্ষে দশ-বারজন আহত হয়েছেন।
সাংসদের অনুসারী ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ফিরোজ আলম ওরফে রিগান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২১ জুলাই তাঁকে সভাপতি ও মাজেদুল তানভিরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। আজ তাঁরা কমিটির পক্ষে একটি মিছিল বের করলে পুরোনো কমিটি নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
অপর দিকে উপজেলা ছাত্রলীগের পুরোনো কমিটির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, নতুন কমিটি অবৈধ। জেলা ছাত্রলীগ এ কমিটির সকল কর্মকাণ্ড এরই মধ্যে স্থগিত করেছে। কিন্তু এর পরও আজ তাঁরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শহরে উত্তেজনা সৃষ্টি করে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার শিকদার হাসান ইমাম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে আজও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। যা থেকে পরবর্তীকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছু ফটকার আওয়াজ শোনা যায়, গুলির নয়। পরিস্থিতি শান্ত রয়েছে।