নোয়াখালীতে ডোবা থেকে 'অপহৃত' ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডোবা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুজা মাঝির বাড়ির পেছনের ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

নিহত ছাত্রের নাম কামরুল ইসলাম ওরফে সাগর (২০)। তিনি চলতি বছর এসএসসি পাস করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, গত শুক্রবার গভীর রাত থেকে সাগরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত শনিবার থানায় কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে সাগরের পরিবার। পরে আজ সকালে ডোবায় লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওসি নিজাম উদ্দিন আরও বলেন, সুরতাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আজ মমতাজ বেগম (১৯) ও হাসিনা আক্তার (৪০) নামের দুই নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার মিঠু চন্দ্র দাস (২৪) নামের একজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত সাগরের বড় ভাই নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় একই এলাকার মিঠু চন্দ্র দাসের সঙ্গে সাগরের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। রাত ১১টার দিকে সাগর বাড়ি ফিরে ঘটনাটি জানিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটা দিকে সাহ্‌রি খেতে ওঠার পর তাঁরা দেখেন, সাগর ঘরে নেই। আশপাশের বাড়ি ও এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। কিন্তু কোথায় তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার তিনি বাদী হয়ে থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।