নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জশোড়া গ্রামে মো. ফয়সাল (১৭) নামে এক তরুণের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
গ্রামের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবা আবদুর রহিম ও সৎমা নার্গিস আক্তারকে ধরে পুলিশে দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি গাড়ি মেরামতের দোকানের কর্মচারী ফয়সাল প্রতিদিনের মতো গত রোববার রাত নয়টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরে। রাতের খাবার খেয়ে সে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে।
গতকাল সোমবার সকালে বাবা আবদুর রহিম ও সৎমা নার্গিস আক্তার প্রতিবেশীদের বলেন, ফয়সাল রাতে বিষপান করে আত্মহত্যা করেছে।
সূত্র জানায়, ফয়সালের বিষপানে আত্মহত্যার বিষয়টি প্রতিবেশীদের বিশ্বাস হয়নি। তাঁরা মৃত্যুর জন্য বাবা ও সৎমাকে দায়ী করেন। একপর্যায়ে দুজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁদের আটক করে।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ফয়সাল বিষ খাওয়ার মতো ছেলে নয়। নার্গিস প্রায়ই ফয়সালকে বকাঝকা ও মারধর করতেন। তিনিই পরিকল্পিতভাবে তাকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলতে পারেন বলে তাঁদের ধারণা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফয়সালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।