নোয়াখালীতে তিন ভাই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে খেলাকে কেন্দ্র করে তিন ভাইকে খুন করার ঘটনায় আবুল হোসেন (২৬) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম শ্বশুর বাড়ি থেকে আবুলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এক নারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।

১৯ জুলাই নাটেশ্বর ইউনিয়নের কাজিনগর গ্রামে প্রীতি ফুটবল খেলায় এক পক্ষ গোল করে। এ নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় কাজিনগর গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ (৪০), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন ওরফে বাবলুকে (২৬)।

নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, খেলার মাঠের ঘটনাকে পুঁজি করে তিন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত আবুল তিন ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে আজ বিকেলে শ্বশুর বাড়ি থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পিটিয়ে হত্যার ঘটনার দিন সন্ধ্যায় কাজিনগর গ্রামের ফাতেমা বেগম (৪৫) নামের এক নারীকে প্রথম আটক করা হয়। পরে তাঁকে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।