নোয়াখালীতে দুই রাতে চার ঘরে 'দুর্বৃত্তদের' আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে দুই রাতে দুটি বসতঘরসহ চারটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, দুর্বৃত্তরা ঘরগুলোতে অগ্নিসংযোগ করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এবং আগের দিন সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জের ধরে অগ্নিসংযোগ করা হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে হঠাৎ তাঁদের বাড়ির এক অংশের একটি বসতঘরসহ তিনটি ঘরে একসঙ্গে আগুন জ্বলতে থাকে। এ সময় তিনি, তাঁর মা নূরজাহান ও বোন ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তিনি জানান, এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে তার আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।
শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে চলে যেতেই তাঁদের বাড়ির পশ্চিম পাশে তাঁর চাচা আনোয়ার উল্লার একটি পরিত্যক্ত মুরগির খামারে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘটনা দুটি পরিকল্পিত বলে তাঁরা মনে করছেন।
আনোয়ার উল্লাহ বলেন, এর আগে গত সোমবারও তাঁর আরেক ভাইয়ের একটি বসতঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। পর পর দুই দফায় আগুন দেওয়ার ঘটনায় তাঁরা আতঙ্কের মধ্যে আছেন। এ ঘটনার সঙ্গে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের যোগসূত্র আছে বলে তিনি মনে করছেন।
ফায়ার সার্ভিসের মাইজদী স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তাঁরা জানতে পারেননি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।