নোয়াখালীতে দুর্বৃত্তের হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে দুর্বৃত্তদের হামলায় এক নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নবীরপুর ইউনিয়নের দেবিসিংপুর গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন মুন্নি আক্তার (৪২), তাঁর স্বামী মো. সালাউদ্দিন (৫৫), শ্বশুর শরিয়ত উল্লা (৯০) ও মো. তুহিন (২৫)। স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল বুধবার সকালে তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শরিয়ত উল্লার ছেলে সালাউদ্দিনকে খুঁজতে থাকে। এ সময় শরিয়ত উল্লা তাদের একজনকে আঘাত করলে দুর্বৃত্তরা শরিয়ত উল্লা, তাঁর ছেলেসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটির সঙ্গে একই এলাকার অন্য একটি পক্ষের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে।