নোয়াখালীতে নারী ইউপি সদস্যকে পেটাল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় এবং এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নোয়াখালীতে এক নারী সদস্যকে পিটিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ছাহেরা বেগম (৪৫) আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাহেরা বেগম বলেন, গত ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি এলাকার নানা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এতে সন্ত্রাসীরা খেপে যায়। তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে তারা। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা।
ছাহেরা বেগম বলেন, বুধবার রাত আটটার দিকে তিনি নোয়াখালী শহর থেকে গ্রামের বাড়িতে যান। রাত ১০টার দিকে খবর পান এলাকায় ক্যারম খেলা নিয়ে ঝামেলা চলছে। তিনি গিয়ে খেলা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।
সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা বলেন, আহত ইউপি সদস্যকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।