নোয়াখালীতে নারীকে নির্যাতন: আরও একজন গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৩৭ বছরের নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম মাইনুদ্দিন সাহেদ (৫১)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাইনুদ্দিন সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে।
পুলিশ সুপার আরও জানান, নারীকে নির্যাতন ও ভিডিওচিত্র প্রকাশের ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নির্যাতন ও ভিডিওচিত্র ছড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি পাঁচজন এজাহারবহির্ভূত। তাদের গ্রেপ্তার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী সকালে প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে র্যাবের হাতে গ্রেপ্তার হন এই মামলার আসামি ও দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালাম। রাতে তাঁকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।