নোয়াখালীতে নারীকে নির্যাতন: হবিগঞ্জ থেকে এক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনায় করা মামলার আসামি সামছুদ্দীন সুমনকে (৩৫) আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। হবিগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
পিবিআই সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও ঢাকা থেকে আসা পিবিআই পুলিশ কর্মকর্তাদের একটি দল আজ সকাল ৯টায় চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সামছুদ্দীন সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাছপুর গ্রামের বাসিন্দা। তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সুমনকে নিয়ে বেগমগঞ্জের উদ্দেশে রওনা হন পিবিআইয়ের সদস্যরা।
নারীকে নির্যাতন ও ভিডিওচিত্র প্রকাশের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নির্যাতন ও ভিডিওচিত্র ছড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি পাঁচজন এজাহারবহির্ভূত। তাদের গ্রেপ্তার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে।