নোয়াখালীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রাম থেকে সাত দিন আগে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে।
রাশেদ হোসেন (১০) গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাশেদের বড় ভাই আমিরুল আজিম জানান, ৯ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পর তাঁর ছোট ভাই রাশেদ বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ১২ আগস্ট এ ব্যাপারে চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি জানান, গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় রাশেদের লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি জানান, তাঁদের কোনো শত্রু নেই। কারা কী কারণে তাঁর ভাইকে হত্যা করেছে, তা বুঝতে পারছেন না।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।