নোয়াখালীতে নিহত গ্রামবাসীর দাফন, আটক শতাধিক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সংঘর্ষের সময় গ্রামবাসীদের ঘেরাওয়ের কবলে পড়া হিজবুত তওহিদের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে তাঁদের আটক করা হয়। সংঘর্ষে নিহত গ্রামবাসী মুজিবুল হকের (৫০) লাশ আজ মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।
সংঘর্ষে নিহত গ্রামবাসী মুজিবুলের লাশ খোদখাস্তা গ্রামে দাফন করা হয়। পরিবার কোনো অভিযোগ না করায় তাঁর লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফখরুল ইসলাম।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলামের ভাষ্য, ঘেরাওয়ের কবলে পড়া হিজবুত তওহিদের তিন কর্মীকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের সুধারাম থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ বলছে, গ্রামের পরিস্থিতি এখন স্বাভাবিক। গ্রামবাসীদের অনেকে গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে।
সংঘর্ষের পর গ্রামের প্রায় সব সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ওরফে বাকের অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াত এই প্রতিবন্ধকতা তৈরি করেছে।
নিহত দুই হিজবুত তওহিদ কর্মীর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
আরও পড়ুন...