পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম (৩৮)। এলাকায় তিনি ‘খুইশ্যা ডাকাত’ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে চাটখিল থানায় খুনসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশের চারজন সদস্য আহত হওয়ার দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
খোরশেদের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিনের ভাষ্য, গত সোমবার রাতে ঢাকায় গ্রেপ্তার হন খোরশেদ। গতকাল রাতে তাঁকে চাটখিল থানায় আনা হয়। এরপর তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ। রাত দুইটার দিকে পাল্লা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় গেলে খোরশেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধে আহত হন খুরশিদ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজিম ও দুজন কনস্টেবল সামান্য আহত হন বলে দাবি ওসির।
চাটখিল থানার পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, চারটি রামদা, একটি চোরা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো. নাছিম উদ্দিন। তাঁর ভাষ্য, নিহত খোরশেদের বিরুদ্ধে শুধু চাটখিল থানায়ই খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে।
খোরশেদের ছোট বোন সেলিনা আক্তার অভিযোগ করেন, অস্ত্র উদ্ধারের নামে তাঁর ভাইকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
এদিকে খোরশেদ নিহত হওয়ার খবরে চাটখিল উপজেলার বাসিন্দাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।