নোয়াখালীতে পূর্ববিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ওমানপ্রবাসী খুন হয়েছেন। তাঁর নাম মো. কামাল উদ্দিন (৩৩)। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়।

এর আগে বুধবার দুপুরে চর ওয়াপদা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর কাজী মোখলেছ গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে কামালের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও মো. ইসমাইল নামের দুজনকে আটক করেছে।

নিহত কামাল উদ্দিন চর কাজী মোখলেছ গ্রামের ওবায়দুল হকের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন। তিনি ২ মাস ৯ দিন আগে ওমান থেকে দেশে আসেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একই এলাকার বাসিন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবদুর রহিমদের সঙ্গে কামালদের পূর্ববিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে কামাল বিদেশ থেকে দেশে আসার পর দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে ২৪ দিন জেলহাজতে ছিলেন কামাল। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে এলে প্রতিপক্ষের লোকজন গতকাল বুধবার তাঁর ওপর পাল্টা হামলা চালায়।

হামলাকারীরা কামালকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বুধবার রাত ১০টার দিকে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম ও মো. ইসমাইল নামের দুজনকে আটক করেছে।

নিহতের ছোট ভাই বেলাল হোসেন অভিযোগ করেছেন, তাঁর ভাই কামাল হোসেন দেশে আসার পর ২১ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদিনের পক্ষে এলাকায় কাজ করেন। এতে প্রতিপক্ষ প্রার্থীদের রোষানলে পড়েন তিনি। গত মঙ্গলবার স্থানীয় চর দরবেশ বাজারে ইউপি নির্বাচনের প্রার্থী আবদুর রহিমের লোকজন তাঁর ভাইকে হত্যার হুমকি দেন। গতকাল বুধবার দুপুরে তাঁর ভাইয়ের ওপর হামলা চালায় আবদুর রহিমের লোকজন।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কামাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। কামাল উদ্দিন প্রতিপক্ষের একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জেল খাটার পর কয়েক দিন আগে জামিনে ছাড়া পান। সম্ভবত প্রতিপক্ষ প্রতিশোধ নিতে তাঁর ওপর হামলা চালিয়েছে।

ওসি জিয়াউল হক দাবি করেন, এ ঘটনার সঙ্গে ইউপি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার রাতে দুজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।