নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে গতকাল শুক্রবার সকালে জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মনিজা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় পুলিশ দুই নারীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আন্ডারচর গ্রামের আবদুল খালেকদের সঙ্গে প্রতিবেশী মো. আলম মাঝির জায়গাজমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকাল ছয়টার দিকে আলম মাঝির পক্ষের ৩০-৩৫ জন সন্ত্রাসী আবদুল খালেকের বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় হামলাকারীরা আবদুল খালেকের স্ত্রী মনিজা খাতুন এবং তাঁর দুই ছেলে আবুল কালাম (২৬) ও মো. মোখলেছুর রহমান (৩০) এবং মেয়ে নূর জাহান বেগমকে (৩২) পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনিজাকে মৃত ঘোষণা করেন। মনিজা খাতুনের সন্তানদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মনিজা খাতুনের ভাতিজা মো. সাইফুল্লা প্রথম আলোকে বলেন, হামলাকারীরা ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।
হামলার ঘটনার পর আলম মাঝি ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপন করায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।