নোয়াখালীতে বাপেক্স কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্রের বাপেক্স কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে এ হামলা হয় বলে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন। এই গ্যাসক্ষেত্রটি রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের।
হামলায় কার্যালয়ের প্রধান ফটক ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ইটের আঘাতে কার্যালয়ের নিরাপত্তাকর্মী মিন্টু মিয়া (৩২) আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নুরনবী চৌধুরী। গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, সুন্দলপুর গ্যাসক্ষেত্রের কিছু কর্মচারীকে কর্তৃপক্ষ চাকরি থেকে ছাঁটাই করে। ছাঁটাই হওয়া কর্মচারীরা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মচারীরা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি তাঁদের শান্ত করার চেষ্টা করেন। এখন উল্টো তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুরের সুন্দলপুর গ্যাসক্ষেত্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহজাহান অভিযোগ করেন, নুরনবী চৌধুরীর নেতৃত্বেই কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
মো. শাহজাহান বলেন, গত জুন মাসের শেষ দিকে সুন্দলপুর গ্যাসক্ষেত্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্যাসক্ষেত্রে কর্মরত দৈনিক হাজিরার ৪৭ জন কর্মচারীর মধ্যে ১৭ জনকে সাময়িকভাবে ছাঁটাই করা হয়। এই গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ খননের কাজ শেষ হলে তাঁদের আবার চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর আগেই ছাঁটাই হওয়া কর্মচারীরা স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে কার্যালয়ে হামলা-ভাঙুর চালিয়েছেন।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, গ্যাসক্ষেত্রের কিছু কর্মচারীকে ছাঁটাই করার কারণে তাঁরা মিছিল-সমাবেশ করে এবং একপর্যায়ে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কিছুটা ক্ষতিসাধন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।