নোয়াখালীতে বিএনপি-পুলিশের সংঘর্ষ
নোয়াখালীর সেনবাগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা জানাতে আসা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শকসহ (এসআই) ১৩ জন আহত হয়েছেন।
নাশকতার চার মামলায় ২ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত কারাগারে ছিলেন জয়নুল আবদিন ফারুক। ২০ জুলাই জামিনে মুক্ত হওয়ার পর গতকাল ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে নির্বাচনী এলাকা সেনবাগে আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে সকাল ১০টা থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা সেবারহাটে জড়ো হন। একই সময় সেখানে পুলিশও অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সেবারহাট পৌঁছার পর জয়নুল আবদিন ফারুক নেতা-কর্মীদের নিয়ে হেঁটে বাজার অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে ফারুকের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পুলিশ বিএনপির কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এ সময় বিএনপির কর্মীরাও ইটপাটকেল ছুড়লে দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির কর্মীদের ইটের আঘাতে এসআই সাইফুল ইসলাম আহন হন। অন্যদিকে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা চার-পাঁচ শ মোটরসাইকেল নিয়ে সংবর্ধনা দেওয়ার নামে সড়কে যানজট সৃষ্টি করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে বিএনপি নেতা ফারুক দুর্ব্যবহার করেন। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য ছায়েদুল হক, ছাত্রদল নেতা জিয়াউল হক পাটোয়ারী, বীজবাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. সোলেমান। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, জয়নুল আবদিন ফারুকের এলাকায় আগমন উপলক্ষে তাঁরা মোটর শোভাযাত্রা করতে চেয়েছিলেন। পুলিশ নিষেধ করায় তা করেননি। পরে তাঁকে নিয়ে নেতা-কর্মীরা বাজার অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং কোনো কারণ ছাড়াই নেতা-কর্মীদের লাঠিপেটা করে।