নোয়াখালীতে বিস্ফোরণে যুবক আহত, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় বিস্ফোরণে এক যুবকের ডান হাত ঝলসে গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের মুলা মার্কেটের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. আফছার উদ্দিন (২৪)। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ বলছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত যুবকসহ দুজনকে আটক করা হয়েছে।

আহত আফছার উদ্দিন চর ঈশ্বর ইউনিয়নের আফাজিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। হাসপাতালে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুলা মার্কেটের সাইকেল ও রিকশা মেরামতের দোকানের পেছনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ভয়ে মার্কেটের লোকজন ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরণের পর দোকানের পেছন থেকে আফছার উদ্দিনসহ কয়েকজন বেরিয়ে আসেন। আফছার আহত হওয়ায় আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, আহত আফছার ডান হাতে আঘাত পেয়েছেন। বোমার বিস্ফোরণের কারণেই হয়তো এমনটি হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে বিস্ফোণের কিছু আলামত পাওয়া গেছে। দোকানের মালিক আলাউদ্দিন (৩৩) ও আফছারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় বিস্ফোরক আইনে মামলা করা হবে।