নোয়াখালীতে বেদেপল্লির সর্দারকে কুপিয়ে জখম
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় বেদেপল্লির সর্দার আবুল হোসেন ওরফে হোসেন সর্দারকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত আটটার দিকে বেদেপল্লির একটি চা দোকানে এই হামলার ঘটনা ঘটে।
আহত আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে তিনি চা দোকানে বসা ছিলেন। এ সময় ১৪-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর দুই হাতের বাহু ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি বলেন, হামলাকারীরা যাওয়ার সময় এই বলে হুমকি দিয়ে যায় যে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ও মামলা করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। এ কারণে তিনি রাতে হাসপাতালে ভর্তি হননি। আশপাশের লোকজনের সহায়তায় গতকাল বুধবার তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মহল বেদেদের উচ্ছেদ করতে হামলা ও নানাভাবে হয়রানি করে যাচ্ছে। এর আগেও কয়েক দফায় হামলা চালিয়ে বেশ কয়েকজন বেদেকে আহত করা হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।