নোয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম তাজুল ইসলাম (২৬)। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মেড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলামকে বেগমগঞ্জের চৌমুহনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজুল ইসলামের শ্যালক মো. রুবেল বলেন, গত মঙ্গলবার রাত প্রায় একটার দিকে আমিশাপাড়া বাজারের দোকান বন্ধ করে মেড়িপাড়া গ্রামে বাড়ির কাছাকাছি এলে কয়েকজন দুর্বৃত্ত তাজুলকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। তিনি পড়ে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।