নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে নোয়াখালী শহরের মাইজদীকোর্ট এলাকা থেকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক হোসাইন শরীফ তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া ওই ব্যাংক কর্মকর্তার নাম মফিজুল ইসলাম ওরফে খোকন। তিনি ব্যাংকটির চাঁদপুর শাখায় কর্মকর্তা (ক্যাশ) হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে।
দুদক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মফিজুল ইসলামকে সুধারাম থানার হেফাজতে রাখা হয়েছে। কাল মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা হোসাইন শরীফ প্রথম আলোকে বলেন, ইউসিবির ফেনী শাখার ১ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি মফিজুল।
এজাহারের তথ্যমতে, ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ব্যাংকের ফেনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, মফিজুল ইসলামসহ ছয়জন মিলে ওই টাকা আত্মসাৎ করেছেন। মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান বর্তমানে কারাগারে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।