নোয়াখালীতে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে গত মঙ্গলবার রাতে মাদকাসক্ত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাময়কেন্দ্রের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত আবদুল হালিমের (৩০) বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তাঁকে প্রায় তিন মাস আগে ‘ক্রিয়া’ নামের ওই নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মো. আবদুল্লা আল-হারুন ওরফে মাছুম (৩৩) ও মোছলেহ উদ্দিন ওরফে সুমন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, গতকাল বুধবার দুপুরে নিরাময়কেন্দ্রের চতুর্থতলা থেকে রোগী আল-আমিন ও রুবেলসহ ১০-১২ জন জানালার গ্রিল ভেঙে বেরিয়ে গিয়ে আশপাশের লোকজনকে বলেন, ভেতরে আবদুল হালিম নামের এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ও নিরাময়কেন্দ্রের দুই কর্মচারীকে আটক করে। নিরাময়কেন্দ্রের অন্য কর্মচারীরা আগেই কেন্দ্র ছেড়ে পালিয়ে যান। পরে কেন্দ্রে চিকিৎসাধীন ছয় মাদকাসক্ত রোগীকেও উদ্ধার করে পুলিশ। তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
ওই কেন্দ্রের রোগী মো. আমিন অভিযোগ করেন, তাঁদের অভিভাবকেরা প্রতি মাসে নিরাময়কেন্দ্রকে ১৫ হাজার টাকা করে দিতেন। কিন্তু কেন্দ্র থেকে তাঁদের ঠিকমতো খাবার দেওয়া হতো না। চিকিৎসার নামে কেন্দ্রের লোকজন তাঁদের হাত-পা বেঁধে রাখত এবং প্রতিদিনই মারধর করত।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত আবদুল হালিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার হালিমের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিরাময়কেন্দ্রের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।