নোয়াখালীতে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকায় মো. ইসহাক উদ্দিন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইসহাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং চরজুবলী গ্রামের দুদা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজনের ভাষ্য, শনিবার রাত আটটার দিকে ইসহাক চরবাটা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা একটি মাইক্রোবাসে করে এসেছিল।
আহত ইসহাক গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে জানায়, কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা সে বুঝতে পারছে না।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।