নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আমির আহমেদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির আহমেদকে আজ দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো
আমির আহমেদকে আজ দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রথম আলো

নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমির আহমেদ ওরফে আমির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের দক্ষিণ ফকিরপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মোহাম্মদ হাছান। মোহাম্মদ হাছান বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আমির আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আপাতত সুধারাম থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১০ সালের ৩১ মার্চ থেকে আমির আহমেদকে নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশ পালা করে তাঁর বাড়িতে দায়িত্ব পালন করে আসছে।
নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ সোমবার পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অপর চার জন হলেন, তাঁরা হলেন মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদিন ও মো. আবদুল কুদ্দুস।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ ইমাম প্রথম আলোকে বলেন, প্রথমবারের মতো কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। এঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।