নোয়াখালীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. শাকের (২৫) নামের ওয়ার্ড যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ছাড়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকের ছায়াভিটি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি যুবদল ত্যাগ করতে চেয়েছিলেন বলে জানান স্থানীয় লোকজন। এরপর তিনি স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করতেন।

বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরাই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের অভিযোগ, দলত্যাগের আগ্রহ প্রকাশের কারণে দলীয় লোকদের হাতে খুন হয়েছেন শাকের।

শাকের উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধের বেশ কয়েকটি মামলা ছিল। স্থানীয় লোকজনের ভাষ্য, মামলা থেকে বাঁচতে কয়েক দিন আগে যুবদল ত্যাগের পরিকল্পনা করে তিনি যুবলীগে যোগদান করবেন বলে যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে চলাফেরা শুরু করেন। তবে আনুষ্ঠানিকভাবে তখনো যুবলীগে যোগ দেননি। এ নিয়ে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। এর জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে মো. শাকের বসুরহাট বাজার থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ছাড়াভিটি নামক স্থান থেকে একদল দুর্বৃত্ত তাঁকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপরই কাছাকাছি এলাকা থেকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর কাছের একটি সড়কের পাশ থেকে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে আহত শাকেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাত সোয়া ১২টার দিকে শাকের নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর নবী চৌধুরী প্রথম আলোকে বলেন, শাকের যুবদলের নেতা ছিলেন। সম্প্রতি তিনি যুবলীগে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে আলোচনা চল​ছিল। তবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি। তিনি অভিযোগ করেন, হয়তো দলত্যাগের আগ্রহ প্রকাশের কারণে দলের লোকদের হাতেই তিনি খুন হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম প্রথম আলোকে বলেন, শাকের সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি দল ত্যাগ করেছিলেন কি না, তা স্থানীয় নেতারাও জানেন না। রাজনৈতিক প্রতিপক্ষরাই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শাকেরকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলত্যাগের কারণেই তাঁদের দলের কর্মীরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
ওসি আরও বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহত ব্যক্তির লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।