নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের চৌধুরীর হাট বাজারে আবু সুফিয়ান (৩৮) নামে যুবলীগের এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ানের বাড়ি চরপার্বতী গ্রামে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল। তিনি প্রথম আলোকে বলেন, একই এলাকার যুবলীগের নেতা মারুফ হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে মারুফ হত্যা মামলার আসামি আজাদসহ ১০-১৫ জন সন্ত্রাসী চৌধুরীর হাট বাজারে এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে তারা কাছ থেকে যুবলীগের নেতা আবু সুফিয়ানের মাথায় গুলি করে। আরও কয়েকটি ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আবু সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাত সোয়া ১১টার দিকে আবু সুফিয়ানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাত সোয়া ১২টায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে তিনি বলেন, হত্যার ঘটনায় আজাদ নামের যে ব্যক্তির নাম শোনা যাচ্ছে, তিনিও একই দলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।