নোয়াখালীতে শিক্ষিকা শ্লীলতাহানির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক শিক্ষিকা (৩০) শ্লীলতাহানির শিকার হয়েছেন।
ঘটনার শিকার শিক্ষিকার বরাত দিয়ে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে জেলা শহরের জামে মসজিদ মোড় থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি দাদপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে গেলে তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান।
মো. শামছুদ্দিন বলেন, অটোরিকশার চালক ওই বাজার থেকে নতুন কোনো যাত্রী না উঠিয়ে একা ওই শিক্ষিকাকে নিয়ে সামনের দিকে যেতে থাকেন। এ সময় চালকের পাশে তাঁর এক সহযোগী বসা ছিলেন। কিছুদূর যাওয়ার পর চালক তাঁর সহযোগীকে অটোরিকশা চালাতে দিয়ে নিজে শিক্ষিকার পাশে বসেন। একপর্যায়ে চালক দেলোয়ার ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন।
শামছুদ্দিন আরও বলেন, ঘটনার শিকার শিক্ষিকা ওই সময় চিৎকার করলে সামনে চালকের আসনে বসা ব্যক্তিও তাঁকে (শিক্ষিকা) উদ্দেশ করে অশ্লীল কথা বলেন। এভাবে প্রায় ২ কিলোমিটার যাওয়ার পর শিক্ষিকার চিৎকারের মুখে অটোরিকশাচালক তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যান।
শিক্ষকনেতা আরও জানান, ঘটনার পর ওই শিক্ষিকা তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করে ঘটনাটি জানান। বিকেলে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, শিক্ষিকা তাঁর কার্যালয়ে এসে তাঁকে ঘটনা জানিয়ে গেছেন। তাঁকে থানায় পাঠানো হয়েছে মামলা করার জন্য।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শিক্ষিকা তাঁকে মৌখিকভাবে ঘটনা জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আগামী রোববার বেলা সাড়ে তিনটায় নোয়াখালী শহরের টাউনহল মোড়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি।