নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৫, গ্রেপ্তার ৫
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে অপহরণের চেষ্টাকালে সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে শিশুসহ পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মা-মেয়ে ও তিন বছরের নাতনি রয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন মা পারভিন আক্তার (৩৭), মেয়ে পলি আক্তার (১৯), নাতনি সামিয়া সুলতানা (৩), চা–দোকানদার আবুল কালাম (৪৫) ও আমেনা আক্তার (৫৫)। এর মধ্যে গুরুতর আহত মা-মেয়ে ও নাতনিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি দুজন জেলা শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজে অবস্থান করা পারভিন আক্তারের আরেক মেয়ে ফারজানা সুলতানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বড় বোন পলি ও ভাগনির অবস্থা বেশি খারাপ। আর তাঁর মায়ের অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে।
আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নূরনবী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের মিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে কয়েকজন যুবক আরেক যুবককে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। মারধরের শিকার যুবকের সঙ্গে এক নারী ছিলেন। হইচই শুনে আশপাশের বাড়ির লোকজন রাস্তায় জড়ো হন। কিছুক্ষণ পর সেখানে একটি অটোরিকশা এসে থামে। অটোরিকশায় করে কয়েকজন যুবক আসেন। তাঁরা ওই নারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। লোকজন কী হয়েছে—জানতে চাইলে ওই যুবকেরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে পাঁচজন আহত হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, গুলির ঘটনায় জড়িত যুবকদের বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের মাইজদী বাজারের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মারধর ও অপহরণচেষ্টার ঘটনায় আটক পাঁচ যুবককে আসামি করে থানায় মামলা হয়েছে। গতকাল পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।