নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তর পত্রিকার নোয়াখালীর সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী (৩৮) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে সেনবাগ পৌরসভার কাদরা এলাকায় ও উপজেলা চত্বরে তিনি দুই দফায় হামলার শিকার হন।
সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরসভার কাদরা এলাকার একটি মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর তিন-চারজন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় তাঁকে কিল-ঘুষি মারে। পরে তিনি উপজেলা চত্বরে গেলে একই সন্ত্রাসীরা সেখানে দ্বিতীয় দফায় তাঁকে মারধর করে। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সন্ত্রাসীরা তাঁকে চিকিৎসা নিতে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, সাংবাদিক জাহাঙ্গীর সম্ভবত ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে হাতে আঘাত পেয়েছেন। থানায় আসার পর তাঁকে গাড়িযোগে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।