নোয়াখালীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে স্বামীর সঙ্গে বেড়াতে এসে এক গৃহবধূ (২২) ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখে। গত শুক্রবার রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় নিজাম উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণে জড়িত থাকার অভিযোগ ওঠা যুবকেরা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়। তবে দলীয় কোনো পদ নেই তাঁদের।

সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক আ স ম জাকারিয়া আল-মামুন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের নামধারী কিছু ছেলে ধান্ধাবাজি করতে গিয়ে ঝামেলা বাধিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, নববিবাহিত স্ত্রীকে নিয়ে দুই দিন আগে সেনবাগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক ব্যক্তি। রুবেল ও সোহেল নামের স্থানীয় যুবলীগের দুই কর্মী শুক্রবার সন্ধ্যায় ওই আত্মীয়ের বাড়িতে যান। নবদম্পতির বিয়ে হয়নি, এমন অভিযোগ তুলে তাঁদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন দুজন। নবদম্পতি চাঁদা দিতে অস্বীকার করলে রুবেল ও সোহেলের সহযোগী একই এলাকার শহিদ, স্বপন, নিজাম ও ইসমাইল নবদম্পতিকে জোর করে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের একটি মাছের খামারে নিয়ে যান। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে খামারের একটি ঘরে নববধূকে ধর্ষণ করেন এক যুবক।

সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।