নোয়াখালীতে হত্যা মামলায় শিবিরকর্মী গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শিবিরের কর্মী আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফেনীর বিজয় সিং দিঘিরপাড়–সংলগ্ন একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানা-পুলিশ জানায়, ২০১৩ সালের ৮ নভেম্বর রাত আটটার দিকে গিয়াস উদ্দিনকে সিরাজপুর ইউনিয়নের সরদার দিঘিরপাড় এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর তিনি মারা যান। এ ঘটনায় গিয়াসের বাবা ইদ্রিছ মিয়া বাদী হয়ে শিবিরের কর্মী আবদুল মান্নানসহ ৪৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামি সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।