নোয়াখালীতে হামলা, ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অপহরণের ঘটনার জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন তিনজন। এর মধ্যে শাহজাদপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর নূর জাহান আক্তারকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত নূর জাহানের মা নাজু আক্তারসহ দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত নাজু আক্তার অভিযোগ করেন, একটি অপহরণের ঘটনায় তাঁর বাহরাইন প্রবাসী ছেলে ইমাম হোসেন জড়িত আছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা বসতঘরের বেড়া ও ভেতরের আসবাব ভাঙচুর ও তছনছ করে এবং স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
নাজু আক্তার বলেন, হামলায় তিনি, তাঁর প্রবাসী ছেলে ইমাম হোসেন ও স্কুলপড়ুয়া মেয়ে নূর জাহান আক্তার আহত হন। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর ছেলে ইমাম হোসেনকে মারতে মারতে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজাদপুর থেকে মো. রুবেল (২৬) নামের এক ব্যক্তিকে একই এলাকার ইমাম হোসেন, রাকিব, ফাহাদসহ কয়েক যুবক অপহরণ করে চরকাঁকড়া এলাকায় নিয়ে গেছে বলে খবর আসে। ওই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল শাহজাদপুরে যায়। এরই মধ্যে অপহরণকারীরা ১৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে রুবেলকে মারধর করে ছেড়ে দেয়। এ ঘটনায় রুবেলের পক্ষের কিছু লোকজন অতি উৎসাহী হয়ে ইমাম হোসেনদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, রুবেলকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর ইমাম হোসেনদের বাড়িতে ভাঙচুরের বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।