নোয়াখালীতে হামলায় আহত যুবলীগ-কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামে দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগের কর্মী মোস্তাফিজুর রহমান ওরফে মঞ্জু (২৮) চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।


গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত মোস্তাফিজুর উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পদুয়া গ্রামের নূর নবীর ছেলে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক জানান, মোস্তাফিজুর স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাতে মোস্তাফিজুকে তাঁর বাড়িসংলগ্ন করমবক্স-পদুয়া সড়কের পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাত্ক্ষণিকভাবে বিষয়টি তাঁরা থানায় জানালে পুলিশ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় মোস্তাফিজুরকে উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির সময় মোস্তাফিজুরের দুই হাত ও দুই পায়ের জোড়ায় প্রচণ্ড আঘাতের চিহ্ন ছিল। একাধিকবার রোগীকে উন্নত চিকিত্সা দিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও স্বজনেরা নেননি। একপর্যায়ে পচন ধরায় তাঁর বা পা কেটে ফেলা হয়। এতেও অবস্থার উন্নতি হয়নি। রোববার রাতে তিনি মারা যান।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপতালের মর্গে রাখা হয়েছে। তাঁর ওপর হামলার ঘটনায় মা শিবলা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।