নোয়াখালীতে হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর ও চিকিৎসক-কর্মচারীদের মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভির হায়দার এবং চারজন কর্মচারী আহত হয়েছেন। তাঁরা হলেন মোহন, রতন, মঞ্জু ও রনি। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী থেকে সড়ক দুর্ঘটনায় আহত রামেশ্বর দাস (৪০) নামের এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির ২০-২৫ মিনিটের মধ্যে ওই ব্যক্তি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সঙ্গে আসা লোকজন উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা জরুরি বিভাগের আসবাব ভাঙচুর এবং চিকিৎসক-কর্মচারীদের মারধর করেন। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রান্ত সাহা (২২) নামের এক যুবককে আটক করে। এ সময় অন্য হামলাকারীরা পালিয়ে যায়।
নিহত রামেশ্বরের ছোট ভাই যোগেশ্বর দাস বলেন, দুর্ঘটনার পর তিনি একটি অটোরিকশায় করে তাঁর ভাইকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই মারা যায়। তিনি বলেন, কারা হাসপাতালে হামলা চালিয়েছে, তা তিনিও জানেন না। আটক ব্যক্তিকেও তিনি চেনেন না। হামলাকারীরা তাঁর ভাইয়ের পরিচিত হতে পারে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে ভর্তির সময়ই ওই রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। যে কারণে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও অল্প কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। কিন্তু রোগীর সঙ্গে থাকা সাত-আটজন উচ্ছৃঙ্খল যুবক এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর এবং চিকিৎসক-কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’