নোয়াখালীতে হিজড়াকে হত্যা, আটক ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নে একজন হিজড়াকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুর ১২টার দিকে ইউনিয়নের নতুন বাজার মডেল মাদ্রাসার পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লাকী আক্তার ওরফে জাহাঙ্গীর (২৫)। এ সময় পিটুনিতে আহত সোনালী (২৮) ও মল্লিকা (২২) নামের অপর দুই হিজড়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাঈন উদ্দিন মাস্টার ও আবদুস সাত্তার নামের দুজনকে পুলিশ আটক করেছে।
বিকেলে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজৌতি খীসা ঘটনাস্থলে যান। তিনি প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, প্রায় দেড় মাস আগে আগে উপজেলার মুছাপুর এলাকায় বসবাসকারী কয়েকজন হিজড়া চর কাঁকড়ার পাটোয়ারি বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচ দেখিয়ে টাকা দাবি করেন। এ নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। গতকাল শনিবার বিকেলে তাঁরা চর কাঁকড়ার নতুন বাজারে বিভিন্ন দোকান থেকে টাকা তুলতে যান। এ সময় পাটোয়ারি বাড়ির সাদ্দাম নামের এক যুবকের সঙ্গে আগের ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাদ্দামসহ কয়েকজন লাকী আক্তারকে আটকে রেখে মারধর করে ছেড়ে দেন। এ ঘটনার বিচার চাইতে আজ সকাল দশটার দিকে লাকী তাঁর কয়েকজন সহযোগী হিজড়াকে নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে যান। তাঁরা চেয়ারম্যান ও উপস্থিত সদস্যদের কাছে চর কাঁকড়ার কালাম, সাত্তার, মিজান ও ওয়াশিমসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। হিজড়াদের অভিযোগ শুনে চেয়ারম্যান বুধবার সকালে সালিসের দিন নির্ধারণ করে তাঁদের ওই দিন আসতে বলেন।
হিজড়ারা ইউপি কার্যালয় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে মুছাপুর ফেরার পথে নতুন বাজার এলাকায় সাদ্দাম, সাত্তার ও কালামসহ একদল যুবক অটোরিকশা থামিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে লাকীসহ তিন হিজড়া গুরুতর আহত হন। অন্য হিজড়ারা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকী আক্তারকে মৃত ঘোষণা করেন।
হিজড়া চুমকি অভিযোগ করেন, ইউপি কার্যালয় থেকে ফেরার পথে সাত্তার, কালামসহ একদল লোক তাঁদের ওপর হামলা চালান। তাঁরা লাকীকে পিটিয়ে মেরে ফেলেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হিজড়ারা হাসপাতাল থেকে জোর করে লাকীর লাশ নিয়ে গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান লাকী আক্তার ওরফে জাহাঙ্গীরের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।