নোয়াখালীর ডোবা থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি ডোবা থেকে শারমিন আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রইন্যারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তরুণীর গলায় কালো দাগ রয়েছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন চরকাঁকড়ার বাসিন্দা কামরুল ইসলাম (১৯) ও পিরোজপুরের মাঠবাড়িয়ার বাসিন্দা রফিকুল ইসলাম (১৯)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, যে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, এর পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই দুই যুবককে আটক করা হয়। তাঁরা সেখানে আড্ডা দিচ্ছিলেন। তাঁদের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল বেলা ১১টায় লাশ উদ্ধারের পর আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন রফিকুল স্বীকার করেন তরুণীর নাম শারমিন আক্তার। তাঁরা দুজন পূর্বপরিচিত। বিভিন্ন কারণে তিনি শারমিনের ওপর বিরক্ত ছিলেন।

ওসি বলেন, রফিকুল তাঁর বন্ধু কামরুলসহ শারমিনকে নিয়ে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আসেন। সেখান থেকে অটোরিকশা নিয়ে রাত দেড়টার দিকে চরকাঁকড়ায় যান। এরপর শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন রফিকুল।

ওসি বলেন, শারমিনের বাড়ি কবিরহাট উপজেলার কালামুন্সীরহাট এলাকায়। তাঁর পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, শারমিন চট্টগ্রাম থাকতেন। তবে চাকরি করতেন কি না, তা জানা যায়নি। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।