নোয়াখালীর শিশু ধর্ষণকারী গাজীপুরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদরের নোয়ান্নই ইউনিয়নে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মোস্তফাকে (৫৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুর চৌরাস্তা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে সুধারাম থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আটকের পর মো. মোস্তফাকে দুপুরে সুধারাম থানায় নিয়ে আসা হয়। পরে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতে পাঠানো হয়। বিকেলে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত মোস্তফা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীল অভিযুক্ত মোস্তফার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি বলেন, হাসপাতালে শিশুটিকে দেখে আসার পর পুলিশের একাধিক দল মাঠে নামানো হয় অভিযুক্ত মোস্তফাকে ধরার জন্য। অনেক জায়গায় অভিযান চালানো হয়। সর্বশেষ গাজীপুর চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন।

ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মো. মোস্তফার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা বর্তমানে ভালো। থানা থেকে মামলার কাগজপত্র এলে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

গত সোমবার দূর সম্পর্কের আত্মীয় মোস্তফার ঘরে টেলিভিশন দেখতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১০ বছর বয়সী ওই শিশু।