নোয়াখালীর সেই অবৈধ পার্ক ভেঙে দিল প্রশাসন
নোয়াখালীর মাইজদীর বড় দিঘির দক্ষিণ পাড়ে গণপূর্ত বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত ‘নোয়াখালী পৌর ড্রিম পার্ক’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ ওই পার্কটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, কোনো ধরনের বন্দোবস্ত না নিয়ে ২০১০ সালের ডিসেম্বর মাসে মাইজদী বড় দিঘির দক্ষিণপাড়ে গণপূর্ত বিভাগের জায়গা দখল করে আলিফ ডেভেলপার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘নোয়াখালী পৌর ড্রিম পার্ক’ নির্মাণ শুরু করে নোয়াখালী পৌরসভা।
সূত্র জানায়, পৌর কর্তৃপক্ষকে পার্ক নির্মাণ বন্ধ করার জন্য বলা হলেও তারা তা বন্ধ করেনি। এ ঘটনায় সুধারাম থানায় মামলা করা হয়। পরে কিছুদিন কাজ বন্ধ রাখা হলেও চলতি বছরের শুরুতে তারা পুনরায় কাজ শুরু করে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে পার্কটি নির্মাণ করা হচ্ছিল। পার্ক কর্তৃপক্ষকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা জোর করে নির্মাণকাজ অব্যাহত রাখে। তাই অবৈধ পার্কটি অপসারণ করা হয়েছে।