তুচ্ছ ঘটনা নিয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনা নিয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যা!
ফুটবল খেলার মাঠে গোল করা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজিনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাজিনগর গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ (৪০), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন ওরফে বাবলু (২৬)। এর মধ্যে হারুনুর রশিদ ও আমির ঘটনাস্থলে মারা যান। আমিরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ বিকেলে ঘটনাস্থলে যান। তিনি মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজন মানুষকে এভাবে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলা জঘন্য অপরাধ। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে কাজিনগর গ্রামের খালেকের নতুন বাড়ির পরিত্যক্ত জায়গায় স্থানীয় যুবকেরা প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় আমির একটি গোল করেন। প্রতিপক্ষের রফিক এ গোল না মানায় এ নিয়ে আমিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পরই রফিকের পক্ষে রাজুসহ তাঁর সহযোগীরা প্রথমে আমিরকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। এ সময় আমিরকে সাহায্য করতে আসলে তাঁর দুই ভাই হারুন ও কামালকেও কোপান রাজু ও তাঁর সহযোগীরা। এতে হারুন ও আমির ঘটনাস্থলে মারা যান। কামালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিহত আমিরের আরেক ছোট ভাই মোরশেদকে মারধর করা হলেও তিনি পালিয়ে গিয়ে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে রক্ষা পান। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদ আলম দাবি করেন, খেলার মাঠের ঘটনাকে পুঁজি করে তাঁর তিন ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম বলেন, খেলার মাঠে গোল করা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে তিন ভাইকে স্থানীয় একদল লোক হত্যা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে, অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে একটি লাশ রয়েছে। লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।