নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন চারটি দোকান থেকে ১০ টন জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০ গজ দূরে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে চারটি দোকান থেকে প্রায় ১০ মেট্রিক টন অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। সে সময় অবৈধ কারেন্ট জাল রাখার দায়ে ছয় ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে শ্যামল (২২), জয়ন্ত (২৫), পঙ্কজ (৩২) ও দুলালকে (৫০) এক বছর করে কারাদণ্ড এবং পরিতোষ (৩০) ও মন্তোষ মালিকে (৪০) ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। পুলিশ, র্যা ব ও ইউএনওর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পটুয়াখালী র্যা ব-৮-এ প্রেষণে যোগ দেওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দীন বলেন, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মার্চেন্টপট্টি এলাকায় অভিযান চালানো হয়। সে সময় মন্তোষ, খোকন, দুলাল ও সুমন মালির দোকানের গুদাম থেকে প্রায় ১০ মেট্রিক টন কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জালগুলো স্থানীয় ধানহাট মাঠে পুড়িয়ে ফেলা হয়।